স্টাফ রিপোর্টার: প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগের অন্যতম জেলা সুনামগঞ্জ। জেলার বিপুল সংখ্যক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রবাসীদের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে সরকার প্রতিষ্ঠা করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। তবে ব্যাংকটির সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহবুব মান্নান চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, বর্তমান ব্যবস্থাপক যোগদানের পর থেকে ঋণ কার্যক্রমে ব্যাপক অনিয়ম দেখা দিয়েছে। অনুসন্ধানে জানা যায়, বেশ কিছু ঋণ তার পছন্দের ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া ঋণ অনুমোদনের ক্ষেত্রে দালালের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে।
স্থানীয় কয়েকজন ঋণগ্রহীতা অভিযোগ করেন, ঋণ পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু দালালের শরণাপন্ন হতে হয়। তাদের দাবি, বিভিন্ন ক্ষেত্রে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়ে ঋণ অনুমোদন করা হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, ব্যবস্থাপক নিয়মিত অফিস সময় পালন করেন না। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময় নির্ধারিত থাকলেও তিনি প্রায়ই দেরিতে অফিসে আসেন এবং নির্ধারিত সময়ের আগেই চলে যান। ফলে সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ধর্মপাশা এলাকার এক ঋণগ্রহীতার (ফাইল নং-১৩৫৫০৬০০২১৯) ঋণসংক্রান্ত নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এ সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও যথাযথভাবে অবহিত করা হয়নি।
অন্যদিকে বিশ্বম্ভরপুর উপজেলার একটি ঋণ ফাইল (নং-০১৩৫৫০৬০০০২১৪) নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, দালালের মাধ্যমে অর্থ গ্রহণ করে ঋণ অনুমোদন দেওয়া হয়েছিল এবং বর্তমানে ঋণের কিস্তি আদায়ে অনিয়ম হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঋণগ্রহীতা বলেন, সরকারের ঘোষিত সহজ শর্তে ও জামানতবিহীন ঋণ পাওয়ার সুযোগ বাস্তবে অনেক ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। তাদের অভিযোগ, ঋণ পেতে দালাল ও বিভিন্ন সুপারিশের প্রয়োজন হচ্ছে। পাশাপাশি কৃষি ঋণ, এসএমই ঋণ এবং প্রবাসী পুনর্বাসন ঋণ কার্যক্রমও প্রত্যাশিতভাবে পরিচালিত হচ্ছে না।
এদিকে, সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ও বিনা জামানতে প্রবাসী ও বিদেশগামীদের জন্য বিভিন্ন ঋণ সহায়তার ঘোষণা দেওয়া হলেও বাস্তবে এসব সুবিধা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেক সেবাগ্রহীতা।
কয়েকজন অভিভাবক জানান, তাদের সন্তানদের বিদেশে উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা বা ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত তথ্য জানতে প্রবাসী কল্যাণ ব্যাংক সুনামগঞ্জ শাখায় যোগাযোগ করলে তারা সন্তোষজনক সাড়া পাননি। তাদের দাবি, সরকারের বিভিন্ন ঘোষণার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহবুব মান্নান চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। আমি নিয়মিত অফিস করি এবং ব্যাংকের সকল কার্যক্রম বিধি-বিধান অনুসরণ করেই পরিচালিত হচ্ছে।”
বিদেশে উচ্চশিক্ষার জন্য ঋণ সুবিধার বিষয়ে তিনি বলেন, “বর্তমানে বিদেশে ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের জন্য ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে। অন্যান্য ঋণ কার্যক্রম ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়।”
তবে সরকারের ঘোষিত সুবিধা এবং মাঠপর্যায়ে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতার মধ্যে যে বৈপরীত্যের অভিযোগ উঠেছে, তা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ব্যাখ্যা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।