জগন্নাথপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষা চলাকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আব্দুস সোবহান কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)।
পরীক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে ওসি দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতির খোঁজ নেন। পরে তিনি নিজের সরকারি গাড়িতে করে ওই পরীক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যান এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। শুধু তাই নয়, প্রয়োজনীয় ওষুধও কিনে দেন, যাতে শিক্ষার্থীর চিকিৎসা বিলম্বিত না হয়।
ঘটনাটি উপস্থিত শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। তাদের মতে, দায়িত্ব পালনের পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। স্থানীয়রা বলেন, সংকটময় মুহূর্তে পুলিশের এমন সহমর্মিতা সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি বলেন, "একজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে—এটি জানার পর মানবিক দায়িত্ববোধ থেকেই দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি। তার সুস্থতা কামনা করছি।"