নিজস্ব প্রতিবেদক: প্রতারণায় দায়ে দায়ের করা মামলায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যুক্তরাজ্য প্রবাসী নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই নারী মাকসুদা চৌধুরী (৫৬)। তিনি মৌলভীবাজার জেলার সদর থানার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। তার (পাসপোর্ট নং-GBR 157887306)।
পুলিশ জানায়, মাকসুদা চৌধুরী (৫৬) সিলেট কোতোয়ালি মডেল থানার একটি জিআর মামলার এজাহারনামীয় আসামি। মামলা নং- ০৩/৩৩৮) তারিখ ০১/০৭/২৬। রবিবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG201 ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান মাকসুদা চৌধুরী। বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় বিদেশ যাত্রা স্থগিত করে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরবর্তীতে সকালে সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরি (জিডি নং- ৮১, তারিখ: ১২/০৭/২৬) মূলে আটককৃত মাকসুদা চৌধুরীকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কুদ্দুসের নিকট হস্তান্তর করে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, অভিযোগকারী মো. শুকুর মিয়া জানান, আম্বরখানা মৌজার এসএ খতিয়ান নং-৫৭, জেএল নং-৯২, এসএ দাগ নং-৫৭৫, মোট ১ একর ১৮ শতক ভূমির এসএ রেকর্ডভুক্ত মালিক আব্দুল মান্নান খানের নিকট হতে সিলেট সদর সাব-রেজিস্ট্রারী অফিসের রেজিস্ট্রারী দলিল নং-৬২৪১১৫, তারিখ ০৮/০৯/১৯৭৫ ইং মূলে ০৫ শতক ভূমি ক্রয়সূত্রে শাহ মো. ছালেক হোসেন মালিক হন। পরবর্তীতে তিনি খাজনা পরিশোধপূর্বক নামজারি সম্পন্ন করে বিএস খতিয়ান নং-১৭৮০, জেএল নং-৭৪, দাগ নং-৪৯৩৫, পরিমাণ ৪.৮৫ শতক ভূমি রেকর্ডভুক্ত করে দীর্ঘদিন ভোগদখল করে আসেন। পরবর্তীতে শাহ মো. ছালেক হোসেন সিলেট সদর সাব-রেজিস্ট্রারী অফিসের হেবা ঘোষণাপত্র দলিল নং-৮৬৫৮, তারিখ ১১/১১/২০২৪ ইং মূলে উক্ত ভূমি তার স্ত্রী মাকসুদা চৌধুরীর নামে হেবা প্রদান করেন। হেবা প্রাপ্তির পর মাকসুদা চৌধুরী নামজারি মোকদ্দমা নং-৪২১২(IX-১)/২০২৪-২০২৫ এর মাধ্যমে নামজারি খতিয়ান নং-৫৭৭৩ প্রাপ্ত হয়ে উক্ত ভূমি ভোগদখল করতে থাকেন।
একপর্যায়ে বিবাদিনী উক্ত ভূমি বিক্রির জন্য প্রচার করলে অভিযোগকারীর মেয়ের স্বামী, প্রবাসী ফুজাইল আহমদ, ভূমিটি ক্রয়ের আগ্রহ প্রকাশ করেন। অভিযোগকারী ও ফুজাইল আহমদ বিবাদিনীর দখলীয় ভূমি পরিদর্শন করেন এবং উভয় পক্ষের আলোচনায় ভূমির মূল্য ১,২৩,০০,০০০/- (এক কোটি তেইশ লক্ষ) টাকা নির্ধারিত হয়। পরবর্তীতে বিবাদিনী ভূমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করলে অভিযোগকারী ও ফুজাইল আহমদ সেগুলো যাচাই-বাছাই করে সঠিক মনে করেন এবং দলিল রেজিস্ট্রি সম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।
বিবাদিনী ক্রয়মূল্য ব্যাংকের মাধ্যমে পরিশোধের নির্দেশ দিয়ে তার নামে প্রাইম ব্যাংক পিএলসি, আম্বরখানা শাখা, সিলেট-এর হিসাব নং-৩১১৫২১২০৩৫৩০০ প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৪/০৬/২০২৬ ইং তারিখে ফুজাইল আহমদ দরগা গেইটস্থ ব্যাংক এশিয়া লিমিটেডে উপস্থিত হয়ে তার ব্যাংক এশিয়া হিসাব নং-০৫০৩৪০০৬৭৮৩ হতে আরটিজিএসের মাধ্যমে বিবাদিনীর উক্ত প্রাইম ব্যাংক হিসাবে ১,১৫,০০,০০০/- (এক কোটি পনের লক্ষ) টাকা প্রেরণ করেন। একই তারিখে বিবাদিনীর অনুরোধে ব্যাংক এশিয়ার চেক নং-এসবি-এএফ-৯৩১১৫০৮, তারিখ ২৪/০৬/২০২৬ ইং এর মাধ্যমে অতিরিক্ত ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা প্রদান করা হয়, যা বিবাদিনী পরবর্তীতে উত্তোলন করেন। ফলে বিবাদিনী সর্বমোট ১,২৩,০০,০০০/- (এক কোটি তেইশ লক্ষ) টাকা গ্রহণ করেন। টাকা গ্রহণের পর উভয় পক্ষ দলিল রেজিস্ট্রির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেন এবং সরকারি ফি-ও জমা দেওয়া হয়। কিন্তু দলিল সম্পাদনের পূর্বমুহূর্তে বিবাদিনীর ননদের শাশুড়ির মেয়ের স্বামী সেখানে উপস্থিত হয়ে উক্ত ভূমি বিক্রিতে আপত্তি জানালে বিবাদিনী কোনো কারণ ছাড়াই দলিল সম্পাদন না করে স্থান ত্যাগ করেন।
এরপর অভিযোগকারী ও তার মেয়ের স্বামী বারবার বিবাদিনীর নিকট দলিল রেজিস্ট্রি সম্পন্ন করার অনুরোধ জানালে বিবাদিনী বিভিন্ন সময় ‘দিচ্ছি’, ‘করছি’ বলে কালক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে তিনি অশালীন আচরণ করেন, অভিযোগকারী ও ফুজাইল আহমদকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি প্রদান করেন এবং তাদের নিকট হতে গ্রহণকৃত ১,২৩,০০,০০০/- টাকা গ্রহণের বিষয়টিও অস্বীকার করেন।
অভিযোগকারীর দাবি, বিবাদিনী পূর্বপরিকল্পিতভাবে ভূমি বিক্রির প্রলোভন দেখিয়ে ব্যাংকের মাধ্যমে মোট ১,২৩,০০,০০০/- টাকা গ্রহণ করেও ভূমি রেজিস্ট্রি করে দেননি এবং টাকা ফেরত না দিয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি অভিযোগকারী ও তার মেয়ের স্বামীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছেন। ফলে অভিযোগকারী ও তার মেয়ের স্বামী আর্থিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হন। বিষয়টি নিশ্চিত সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো.মনজুরুল আলম। তিনি বলেন, ‘প্রতারণা মামলায় ওই নারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।’