সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের বিআইডিসি মীর মহল্লা এলাকা থেকে মাদক ব্যবসার অন্যতম হোতা নুরু (ওরফে ‘ইয়াবা নুরু’)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নুরু দীর্ঘদিন ধরে ৩৪ নম্বর ওয়ার্ডের বিআইডিসি মীর মহল্লা ও এর আশপাশের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। তার এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্প্রতি এলাকার সর্বস্তরের সচেতন জনগণ ও স্থানীয়রা সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। অবশেষে বিকেলে র্যাবের একটি ক্ষিপ্র আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তার সহযোগীদের ধরতেও অভিযান অব্যাহত থাকবে।