স্টাফ রিপোর্টার (মো. ফারুক): সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের শান্তির নগর পাড়ায় বিদ্যুতায়িত হয়ে দুই কিশোরের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো— শাকিল মিয়া (১৫), পিতা: মোখলেছ মিয়া এবং ছিল্লো মিয়া (১৪), পিতা: শিপুল মিয়া। তারা উভয়েই কান্দিগাঁও গ্রামের শান্তির নগর পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাকিল ও ছিল্লো একসঙ্গে গোসল করতে বাড়ি থেকে বের হয়। পথে অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক খুঁটির টানা (সাপোর্টিং) তারের সংস্পর্শে এলে তারা বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই গ্রামের দুই কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে কান্দিগাঁও ও শান্তির নগর পাড়ায় শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক খুঁটি ও তারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।