এ কে আজাদ, স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজার সংলগ্ন বালুমহালে ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাকারিয়া হোসেনের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বালু ও নুড়ি পাথর পরিবহনে ব্যবহৃত তিনটি বালুবাহী নৌকার বডি ক্ষতিগ্রস্ত করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়েছে।
তবে প্রশাসনের এ অভিযানের সমালোচনা করেছেন সংশ্লিষ্ট বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান। তিনি দাবি করেন, বৈধ ইজারাকৃত এলাকার ভেতরে বালু উত্তোলনের সময় স্বাভাবিকভাবেই বালুর সঙ্গে কিছু পাথর উঠে আসে। আলাদাভাবে কোনো পাথর উত্তোলন করা হচ্ছে না বলে তিনি দাবি করেন। আব্দুল মান্নান বলেন, কোনো অনিয়ম হয়ে থাকলে প্রশাসন আইন অনুযায়ী জরিমানা বা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারত। কিন্তু বৈধ ইজারাকৃত এলাকায় প্রবেশ করে নৌকা ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করা কোনোভাবেই সমীচীন হয়নি।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।