স্টাফ রিপোর্টার: সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও নিষ্পত্তি, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক সিলেট রেঞ্জের জুলাই ২০২৬ মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড. মো. জিল্লুর রহমান তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
সিলেট রেঞ্জ পুলিশ সূত্র জানায়, জুলাই মাসজুড়ে গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি, মামলা নিষ্পত্তিতে দক্ষতা, নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখার মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
পুলিশের কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে ওসি মো. ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ফলাফল এনে দিয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে তাঁকে মাসসেরা ওসি নির্বাচিত করা হয়।
সম্মাননা প্রাপ্তির পর ওসি মো. ওমর ফারুক এ অর্জনের কৃতিত্ব গোয়াইনঘাট থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং জনগণকে আরও কার্যকর পুলিশি সেবা দিতে ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
এদিকে তাঁর এ অর্জনে গোয়াইনঘাট থানার পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও পেশাদারিত্ব, স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি গোয়াইনঘাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে ভূমিকা রাখবেন।
প্রসঙ্গত, সিলেট রেঞ্জ পুলিশ প্রতি মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান ও সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাদের কার্যক্রম মূল্যায়ন করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করে থাকে।