নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১টি বারকি নৌকা জব্দ করা হয়। রবিবার (৯ আগস্ট) বিকেলের দিকে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে একটি চক্র জৈন্তাপুর উপজেলার বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে রবিবার (৯ আগস্ট) বিকেলে জৈন্তাপুর উপজেলার সারি-৩ নদীতে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১টি বারকি নৌকা জব্দ করা হয়। তবে এই অভিযানে কাউকে আটক করা যায় নি।
জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম জানান, ‘জৈন্তাপুর উপজেলার সারি-৩ নদীতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১টি বারকি নৌকা জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত নৌকাটি পুনরায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত না হয় সেই লক্ষ্যে পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় বিকল করে দেওয়া হয়। যাতে পুনরায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহার করা না যায়।’ তিনি আরও বলেন, ‘অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’