আমিনুল ইসলাম, গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ‘শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম ও শূন্য স্কুল বহির্ভূত শিশু’ শীর্ষক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে জাফলংয়ের মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রামের অফিসার জলমল মারিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। একই সঙ্গে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, কোনো শিশুই যেন বাল্যবিবাহের শিকার না হয়, শিশুশ্রমে জড়িয়ে না পড়ে এবং বিদ্যালয়ের বাইরে না থাকে—এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তারা। কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে সচেতন থাকার এবং পরিবার ও সমাজের অন্যদের সচেতন করার অঙ্গীকার করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।