আশরাফ উদ্দিন , কোম্পানীগঞ্জ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২য় মিডবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কলাবাড়ী মাঠে জমজমাট এ ম্যাচে মুখোমুখি হয় ফখরুল ফাইটার্স ফুটামারা ও কলাবাড়ী স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফখরুল ফাইটার্স ফুটামারা ২-০ গোলে কলাবাড়ী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
খেলাকে ঘিরে কলাবাড়ী মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। ম্যাচ উপভোগ করতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে প্রাণবন্ত। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি মোটরসাইকেল, রানার্সআপ দলের জন্য একটি ফ্রিজ এবং তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্য একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি।
প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল প্রদান করবেন মনাফ অ্যান্ড গফুর ব্রাদার্স কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলী ও রিয়াজ উদ্দিন। দ্বিতীয় পুরস্কার ফ্রিজের দাতা কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি হাজী আমিনুল ইসলাম সম্ভাব্য ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী । তৃতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি প্রদান করবেন হাজী জালাল আহমেদ সম্ভাব্য ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয় ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, বিএনপি শ্রমিক দলের সভাপতি বাদশা মিয়া, মনির মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ আলম ও আমিনুল ইসলাম, সাবেক মেম্বার দুলা মিয়া, ডা. সুমন আহমেদ ভূঁইয়া ও ছৌদুর মিয়াসহ আরও অনেকে।
এ ছাড়া কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিজাম উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মইনুদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ফখরুদ্দিনসহ সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে সুস্থ বিনোদন, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ফলাফল: ফখরুল ফাইটার্স ফুটামারা — ২,কলাবাড়ী স্পোর্টিং ক্লাব — ০,