নিজস্ব প্রতিবেদক, কানাইঘাট: সিলেটের কানাইঘাটে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লতিফা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ববিরোধের জেরে জৈন্তাপুরের এক যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিঃ) আশীষ চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে কানাইঘাট থানাধীন ২ নম্বর পশ্চিম লক্ষীপ্রসাদ ইউনিয়নের বড়বন্দ ২য় খণ্ড (সিঙ্গারীপাড়া) এলাকা থেকে লতিফা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার লতিফা বেগম ওই এলাকার বিলাল আহমদ ওরফে ‘হুজুরি বিলাল’-এর স্ত্রী। পুলিশ জানায়, লতিফা বেগম ও তার স্বামী বিলাল আহমদের সঙ্গে জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা জাহিদ নামের এক যুবকের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে জাহিদকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পলাতক আসামি বিলাল আহমদ ওরফে বিলাল হুজুরিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।