স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে রেস্টুরেন্টের সামনে আটকে লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা ওই যুবকের সঙ্গে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনার ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে নগরীর মেন্দিবাগ এলাকার প্রেসিডেন্ট রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগকারী মারজান আহমেদ ইমন (১৮) জানান, ওই রাতে তিনি তার চাচাতো ভাই আশরাফ উদ্দিন (৩২)-কে সঙ্গে নিয়ে প্রেসিডেন্ট রেস্টুরেন্টে নাস্তা করতে যান। নাস্তা শেষে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তাদের পথরোধ করে।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে কয়েকজন লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে আশরাফ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আশরাফ উদ্দিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এ সময় তাকে ঘিরে ধরে মারধরের পাশাপাশি তার পকেটে থাকা ব্যবসায়িক কাজে বহন করা নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত আশরাফ উদ্দিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ২৭ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
অভিযোগে মো. আশকর মিয়া (৫০), রুহুল আমিন পলাশ (৩০), হাসান মিয়া (২৮), হাবিব মিয়া (৫৩), রাকিব (১৯), ইমন (২০), সুমন মিয়া (২২) ও আশিক (২৬)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্তদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।