স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটে এক আইনজীবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার, মানহানি ও সম্মানহানির অভিযোগে তিন নারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে| মামলা নং কোতয়ালী সি আর-১০৭৪| গত ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন আইনজীবী মো. জহির আহমদ ইমন (৪০)|
আবেদনে অভিযুক্ত হিসেবে দক্ষিণ সুরমার বাসিন্দা রেখা বেগম (৬৫), সেলি বেগম এবং রুনা বেগম (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে| আদালতের নথি অনুযায়ী, ঘটনার তারিখ হিসেবে ১৯ আগস্ট ২০২৬ এবং স্থান হিসেবে সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের কথা উল্লেখ করা হয়েছে|
মাসলায় আইনজীবী জহির আহমদ ইমন অভিযোগ করেন, অভিযুক্তরা তার পূর্বপরিচিত হওয়ায় বিভিন্ন সময় তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন| এরই ধারাবাহিকতায় আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে বলে দাবি করা হয়|
মামলার আবেদনে আরও বলা হয়, অভিযুক্তদের বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে আইনজীবী হিসেবে তার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হচ্ছে| এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এসব বক্তব্য প্রচার ও প্রকাশের মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে|
মামলায় দাবি করা হয়, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডের কারণে বাদী সামাজিকভাবে হেয় ও মানহানির শিকার হয়েছেন| এতে তার পেশাগত ও সামাজিকভাবে ক্ষতির আশঙ্কা ˆতরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে| আবেদনে আরও বলা হয়, ঘটনার বিষয়ে বাদী সিলেট জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করেন এবং সমিতির সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নিতে কিছুটা সময় লেগেছে|
আবেদনের সঙ্গে ঘটনার সাক্ষী হিসেবে শামিম আহমদ, আজাদ মিয়া, জয়নুল ইসলাম ও আইনজীবীর সহকারী সাগর চন্দ্র নাথসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে| বাদী আদালতের কাছে অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন|