এ কে আজাদ, স্টাফ রিপোর্টার: স্বপ্ন দেখো, সাহস রাখো, সফল হও এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সিলেটের গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।
প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মো: জাহিদ আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা সুমনা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মো: জাকারিয়া হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: জামাল খান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন সহকারী শিক্ষিকা রেখা রানী কর্মকার।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান শিক্ষক আসিম চক্রবর্তী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, শিক্ষক মনজুর আহমদ, অভিভাবক দেলোয়ার হোসেন মাসুক এবং শিক্ষার্থী মারুফা হোসেন ইমু, জাসমিতা আফরিন ও ফাউজিয়া ফেরদৌস মিম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, নারীশিক্ষার প্রসারে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আজকের কৃতী ছাত্রীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহস, সততা ও নিষ্ঠাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্যের এই ধারা অব্যাহত রেখে দেশের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়নে নারীশিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। পরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এডহক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও অতিথিদের প্রাণবন্ত বক্তব্যে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর। পরে আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।