জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০ থেকে ১২টি বারকি নৌকা জব্দ করে স্থানীয় জনগণের সহায়তায় বিনষ্ট করা হয়েছে। একই অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল আলিম (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানটি জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত বারকি নৌকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।