প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক
বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচংয়ে গোসলরত নারীদের ছবি গোপনে মোবাইলে ধারণ কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষ হয়। এই সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায় কাটখাল গ্রামের একটি রাস্তার পাশের পুকুরে কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে গোসলরত নারীদের ছবি গোপনে ফোনে ধারণের অভিযোগ ওঠে।
বিষয়টি জানাজানি হলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রায় অর্ধশতাধিক লোক আহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Copyright © 2026 দৈনিক সোনালী সিলেট. All rights reserved.