বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে চোরাচালান ও চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন নারী। এ সময় ভারতীয় লেদার সক্সের ২২০ প্যাকেটসহ একটি লেগুনা গাড়ী জব্দ করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় লেদার সক্সের ২২০ প্যাকেটসহ একটি লেগুনা আটক করে।
পুলিশের দাবি, এসব পণ্য অবৈধভাবে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল। এ ঘটনায় জকিগঞ্জ উপজেলার নয়াগ্রামের বাবলু আহমদের ছেলে সজিব আহমদকে (২১) আটক করা হয়।
একই সময়ে বিয়ানীবাজার পৌর এলাকার একটি বিপণিবিতানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদিজা বেগম (৩১) ও রোকসানা বেগম (৩০) নামে আরও দুই নারীকে আটক করে পুলিশ। আটক খাদিজা কানাইঘাট উপজেলার সুরইঘাট গ্রামের শামীম আহমদের স্ত্রী এবং রোকসানা কুরারপাড় এলাকার মৃত নছির আলীর মেয়ে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।