নাবেল আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের গদারবাজার এলাকায় নদীভাঙন প্রতিরোধে চলমান কার্যক্রমের পরিস্থিতি পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতি বিষয়ক সম্পাদক ও চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অহীদ আহমদ তালুকদার। পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
স্থানীয়রা জানান, গদারবাজার এলাকায় নদীভাঙনের কারণে বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে আমিরুজ্জামান চৌধুরী দুলু মিয়াসহ স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় আবেদন-নিবেদন করেছেন বলে জানান তারা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় ৪ হাজার জিও ব্যাগ ফেলার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।
পরিদর্শনকালে অহীদ আহমদ তালুকদার বলেন, নদীভাঙনের কারণে স্থানীয় মানুষের জানমাল ও সম্পদ ঝুঁকির মধ্যে রয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি স্থানীয় বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দেন এবং নদীভাঙন প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চারখাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ রুবেল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাহার উদ্দিন চৌধুরী, সিলেট জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুফিয়ান আহমদ জারিফ, ইউনিয়ন বিএনপি নেতা হুসেন আহমদ, হাবিবুর রহমান আলমসহ ১ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ।