স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লায় ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সেলিনা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে শাল্লা থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশনায় শাল্লা থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সেলিনা আক্তার উপজেলার ২ নম্বর হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের দাড়াইন বাজার এলাকার মো. আশিক মিয়ার স্ত্রী।
শাল্লা থানা পুলিশ জানায়, এসআই মো. শাহজাহান ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেলিনা আক্তারকে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় শাল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি শাল্লা থানার মামলা নম্বর-৪, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দাড়াইন বাজারের এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘সেলিনা বেশ কিছুদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছেন। আমরা বিষয়টি জানলেও তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছি না।’
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।’ পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।