নাবেল আহমদ ,বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে মাদকবিরোধী অভিযানে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও একটি ব্যক্তিগত মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের (ওসি) দিকনির্দেশনায় বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চারখাই পুলিশ ক্যাম্পের সামনে ঢাকা মেট্রো-চ-১৯-৫১৭৮ নম্বরের একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও একটি ব্যক্তিগত মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে উভয় যানবাহন থেকে সর্বমোট ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।