মিজানুর রহমান: সিলেটের মোগলাবাজার থানা এলাকায় রাস্তা নিয়ে বিরোধের জেরে ওয়াতির আলী হত্যা মামলার ৩ নম্বর আসামি সাহাব উদ্দিন ওরফে সাবুলকে (৫৪) মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গণমাধ্যম শাখা। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার পুরাবাজার এলাকা থেকে এসআরবি-৯ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহাব উদ্দিন ওরফে সাবুল সিলেটের মোগলাবাজার থানার মুক্তারপুর এলাকার মানিক মিয়ার ছেলে।
এসআরবি জানায়, ওয়াতির আলী (৩০) নামের এক প্রতিবেশীর বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে সাহাব ওরফে সাবুল এবং তার সহযোগীদের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে গত ২৮ জুলাই সকাল ১১টার দিকে ওয়াতির আলী ও সাবুলের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে ওইদিন রাত ১১টার দিকে সাবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওয়াতির আলীর বসতবাড়িতে হামলা করেন বলে জানায় এসআরবি। একপর্যায়ে তারা ওয়াতির আলীকে ধরে বাড়ির বাইরে নিয়ে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে ওয়াতির আলীকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত ওয়াতির আলীর চাচা বাদী হয়ে মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন। মামলার পর এসআরবি তদন্তে নামে এবং অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি সাহাব উদ্দিন ওরফে সাবুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিকে মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।