ধর্মপাশা উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাহিন মিয়ার (৪২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধর্মপাশা গ্রামের পশ্চিম পাড়ায় অবস্থিত নিজ বসতঘর থেকে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন।
নিহত শাহিন মিয়া ধর্মপাশা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা মৃত আব্দুর কাদির (শুনু)-এর ছেলে। তিনি স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক মনি আক্তারের ভাই বলে নিশ্চিত করেছেন স্বজনরা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময়ে নিজ বসতঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় শাহিন মিয়াকে দেখতে পান স্বজনরা। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আলামত সংগ্রহ শুরু করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনার মূল কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন এবং সার্বিক তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।