গোলাপগঞ্জ প্রতিনিধি: আসন্ন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৬ ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জমজমাট পরিচিতি ও মতবিনিময় সভা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ বাজারের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক মানবজমিনের গোলাপগঞ্জ প্রতিনিধি এম. আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও ইমরান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক আনোয়ার শাহজাহান, সাংবাদিক আব্দুল আহাদ এবং সাংবাদিক মো. শহিদুর রহমান সুহেদ।
এছাড়াও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট কবির আহমদ বাবর, মহি উদ্দিন চৌধুরীসহ গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী এবং নতুন-পুরাতন সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত প্রার্থী ও সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে প্রার্থীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
আলোচনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও কল্যাণে কাজ করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। এবারের নির্বাচনে গোলাপগঞ্জ প্রেসক্লাবের ১৭টি পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিজেদের পরিকল্পনা ও ইশতেহার তুলে ধরছেন। অন্যদিকে ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য।
আগামী ৩ অক্টোবর ২০২৬ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টদের প্রত্যাশা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মর্যাদা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা গোলাপগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।