স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১৯০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ ছইদুল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লা উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-ভোলাগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছইদুল মিয়া উপজেলার মিত্রিমহল গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে।
পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুকের নির্দেশনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট-ভোলাগঞ্জ সড়কে অভিযান চালায়। এ সময় ছইদুল মিয়ার কাছ থেকে কালো রঙের বায়ুনিরোধক পলিব্যাগে রাখা গোলাপি রঙের ১৯০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো: ওমর ফারুক বলেন, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ বন্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
পুলিশ জানায়, এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৪(৯)২৬। গ্রেপ্তার ছইদুল মিয়াকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।