এ কে আজাদ : সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০১ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুনের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল ও পথসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং প্রত্যন্ত এলাকার যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় সভাপতির বক্তব্যে হারুন উর রশিদ হারুন বলেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে হলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। বিগত দিনে যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হামলা-মামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও দলের পাশে থেকেছেন, আগামী দিনের কমিটিতে তাদের অগ্রাধিকার দেওয়ার জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই।
তিনি আরও বলেন, দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তারাই যুবদলের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও ত্যাগের মূল্যায়নের মধ্য দিয়ে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি গড়ে তুলতে হবে।
হারুন উর রশিদ বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন এবং বিভিন্ন বিতর্কিত ও অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিষয়ে তৃণমূলের নেতাকর্মীরা সচেতন। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে তৃণমূল যুবদল মেনে নেবে না।
পথসভা থেকে নবগঠিত সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুকে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।