সাহেদুর রহমান, জৈন্তাপুর:সিলেটের জৈন্তাপুর উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (রাজস্ব উদ্বৃত্ত) আওতায় স্থানীয় উদ্যোক্তাদের বাঁশ ও বেত দিয়ে হস্তশিল্প সামগ্রী তৈরির প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) সকাল ১১ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা পরিষদের সিও তাপস চন্দ্র পাল-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. মহসীন, একাডেমি সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল, জৈন্তাপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমদ, প্রশিক্ষক তাসলিমা আক্তার ও মারজিয়া আক্তারসহ সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণে স্থানীয় উদ্যোক্তাদের বাঁশ ও বেত ব্যবহার করে বিভিন্ন ধরনের নান্দনিক ও ব্যবহারিক হস্তশিল্প সামগ্রী তৈরির বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা জানান উক্ত প্রশিক্ষণে উপজেলার ৩০ জন যুবতী মহিলা উদ্যোক্তা অংশগ্রহণ করেন
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে সহজলভ্য বাঁশ ও বেতকে কাজে লাগিয়ে মানসম্মত হস্তশিল্প পণ্য তৈরি করা সম্ভব। প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা দক্ষতা অর্জনের পাশাপাশি এসব পণ্য বাজারজাত করে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন।
তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ এবং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষকরা বাঁশ ও বেতের হস্তশিল্প তৈরির বিভিন্ন কৌশল, পণ্যের মান উন্নয়ন ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন।