নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
'নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোববার (৪ অক্টোবর) নিসচার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও সিনিয়র সদস্য সচিব রেদওয়ান আহমদ রুম্মানের নেতৃত্ব সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ৬ নং সদর ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী ইসলাম উদ্দিন, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, ফাহিম আহমদ, ব্যবসায়ী জালাল উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, সদস্য ফরহাদ আহমদ, রাহেল আহমদ, নজমুল ইসলাম ও নাজিম উদ্দীন প্রমুখ।
এসময় নিসচা নেতারা জানান, অসচেতনতা এবং ট্রাফিক আইন না মানার কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সড়কের মোড়, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং তীব্র বাঁকগুলোতে চালক ও পথচারীদের বাড়তি সতর্কতার প্রয়োজন হয়। এই বিষয়টি মাথায় রেখেই মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির চতুর্থতম কার্যদিবসে সড়কে বিভিন্ন দিক-নির্দেশনা এবং সচেতনতামূলক বাণী সংবলিত এই সাইনবোর্ডগুলো স্থাপন করা হয়েছে।
এসময় অতিথিবৃন্দরা বলেন, শুধু আইন প্রয়োগ করে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়; এর জন্য চালক, যাত্রী ও পথচারী সবার সচেতনতা জরুরি। এই সাইনবোর্ডগুলো চালকদের মনোযোগ আকর্ষণ করবে এবং গতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, যা দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন। তার পাশাপাশি যাত্রী ও পথচারীদের ক্ষেত্রেও বিশেষ নির্দেশনাও লেখা রয়েছে।
স্থানীয় এলাকাবাসী এবং চালকেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা নিয়মিত এই সাইনবোর্ডগুলো রক্ষণাবেক্ষণ করার ওপর জোর দেওয়ার পাশাপাশি ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোরও দাবি জানান।