এ কে আজাদ : সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি একটি ট্রাকের নিচে লুকিয়ে রাখা ২ হাজার ৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলা গেটের সামনে স্থাপিত পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল নোমানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মো. উছমান গনির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারসহ পুলিশের একটি দল সন্দেহজনক একটি বালুভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪ নম্বরের ট্রাকটির চালক মো. কামরুল ইসলাম (৩০) ও তাঁর সহকারী মো. রুহুল আমিনকে (৩০) জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সন্দেহ হলে বিধি অনুযায়ী ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। পরে বালুর নিচে লুকিয়ে রাখা ৭১টি বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২ হাজার ৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা। পুলিশ আরও জানায়, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।