বড়লেখা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনারোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক শিক্ষার্থী প্রশিক্ষণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
'নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এ প্রতিপাদ্যে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির ৫ম কার্যদিবসে সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২ টায় পয়লোয়ানবাড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল।
সভাপতিত্ব করেন পয়লোয়ানবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম। নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পয়লোয়ানবাড়ি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ তারেক হাসনাত, সহকারী শিক্ষক আব্দুস সালাম, শিক্ষার্থীদের উদ্দেশ্য সড়কের বিভিন্ন বিষয়াদি নিয়ে বক্তব্য দেন নিসচা'র দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ।
এসময় তিনশোর্ধ্ব শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেন সংগঠনের সভাপতি তাহমীদ ইশাদ রিপন। শিক্ষার্থীদের সড়ক পারাপারের নিয়ম, জেব্রা ক্রসিং ও ফুটপাত ব্যবহারের গুরুত্ব, রোড সাইন, ট্রাফিক সিগন্যাল এবং সড়কে চলাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন ও প্রশিক্ষিত করা হয়। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মোটরসাইকেল বা কোনো যানবাহন না চালানোর জন্য শিক্ষার্থীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
নিসচা নেতারা বলেন, "ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা যদি এখন থেকেই ট্রাফিক আইন মেনে চলে, তবে আগামী দিনে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।" অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার নিয়মাবলী মেনে চলার শপথ গ্রহণ করেন।