মিজানুর রহমান: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে চাঞ্চল্যকর রাসেল আহমদ শাহ (২৩) হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মামলার ৩ নম্বর আসামি ইয়াসিন আহমদ ফাহিম (৩৩) ও ৪ নম্বর আসামি আব্দুস সামাদ (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর জুমার নামাজের পর ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দক্ষিণ সুরমার সিলাম চকবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন রাসেল আহমদ শাহ।
একপর্যায়ে হামলাকারীরা রাসেলের মাথায় লাকড়ি দিয়ে আঘাত করে এবং পরে তাকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৪ অক্টোবর নিহত রাসেলের মা মোছাম্মৎ রাজনা বেগম বাদী হয়ে মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামি ফাহিম ও সামাদকে গ্রেপ্তার করা হয়। মোগলাবাজার থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।