বড়লেখা প্রতিনিধি: "নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৮ম দিনের মতো নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সড়কে দুর্ঘটনারোধ ও ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে চালকদের নিয়ে জন-সচেতনতামূলক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় উপজেলার মোহাম্মদনগর বাজারে ভাই ভাই চালক সমিতির কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বাস, মিনিবাস, ট্রাক-লরী ট্রাক্টরসহ বিভিন্ন গণপরিবহনের বিপুল সংখ্যক চালক ও সহকারীরা অংশ নেন।
এতে ভাই ভাই চালক সমিতির উপদেষ্টা আব্দুর রশীদের সভাপতিত্বে ও নিসচা বড়লেখা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ভাই ভাই চালক সমিতির সভাপতি খুরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আলমাছ মিয়া, কোষাধ্যক্ষ ছালেখ আহমদ, উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ, নিসচার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব জমির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, চালক সমিতির সদস্য আবুল হোসেন, রতন মাদ্রাজি ও খলিলুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শুধু আইনের প্রয়োগ দিয়ে সড়কে দুর্ঘটনা কমানো সম্ভব নয়, এর জন্য চালকদের সচেতনতা ও মানসিকতার পরিবর্তন সবচেয়ে বেশি জরুরি। চালকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং মানসিকতা পরিহার করা এবং ক্লান্ত শরীরে গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
তাছাড়া ভাই ভাই চালক সমিতির নেতৃবৃন্দরা নিসচার সাথে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, ভাঙাচোরা সড়ক সংস্কার হলে দুর্ঘটনা অনেক কমে যাবে বিশেষ করে মোহাম্মদনগর বাজার হতে বড়লেখা-শাহবাজপুর সড়কের গ্রামতলা মেইন রোড পর্যন্ত এই সংযোগ সড়কের বেহাল অবস্থা প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা তারা নিসচার মাধ্যমে যাতে দ্রুত সড়ক সংস্কার হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।