বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই গ্রামের হুসাইন আহমদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, ফেসবুকে অপপ্রচার ও ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ উঠেছে কেছরীগুল গ্রামের সোহেল আহমদের বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে নিজের নিরাপত্তা ও পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হুসাইন আহমদ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ডিমাই গ্রামের আজির উদ্দিনের ছেলে হুসাইন আহমদ।
সংবাদ সম্মেলনে হুসাইন আহমদ অভিযোগ করে বলেন, তাকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি তাকে হত্যার ঘটনা ঘটেছে—এমন প্রচারণা চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, একজন ভুক্তভোগীকে ম্যানেজ করে ভিডিও ধারণের পর ওই ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এবং টাকা দাবি করা হচ্ছে।
হুসাইন আহমদ আরও বলেন, এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সেই ফুটেজে অভিযুক্ত ব্যক্তির এসে টাকা দাবি করার দৃশ্য রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, এ বিষয়ে তার কাছে একাধিক তথ্য-প্রমাণ রয়েছে। তার দাবি, বিকাশের মাধ্যমে সোহেল আহমদকে দুই দফায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া সোহেল আহমদ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করেন হুসাইন আহমদ। তার ভাষ্য অনুযায়ী, ফোনে কথা বলার সময় সোহেল তাকে বলেন, তাদের মধ্যে লেনদেন হয়েছে—এ বিষয়টি যেন অন্য কেউ জানতে না পারে।
অভিযোগকারী হুসাইন আহমদের দাবি, এসব ঘটনা ও লেনদেনের তথ্য তার কাছে সংরক্ষিত রয়েছে। তবে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগসহ অন্যান্য অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী হুসাইন আহমদ।