কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ) দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি শেষে কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রবিন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আজাদুর রহমান এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক আনোয়ার সুমন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপত্তা ও সমান সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। কন্যাশিশুর সুস্থ বিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।