আমিনুল ইসলাম,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে মরহুম সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের স্মরণে ‘মরহুম এমপি দিলদার হোসেন সেলিম মেমোরিয়াল মেরিট অ্যাওয়ার্ড–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত ও জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে গোয়াইনঘাট উপজেলার ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তাঁর কন্যা সামিরা নওরিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকলেসুর রহমান। এ ছাড়া স্বাগত বক্তব্য দেন ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা তরুণ প্রজন্ম দলের আহ্বায়ক কামরুল হাসান, ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডা. নূর মোহাম্মদ খান, সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, যুবদল নেতা জসিম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির সানি, আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, গোয়াইনঘাট উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ সানি, ইউপি সদস্য নওয়াব আলী, হাফিজ নূর মোহাম্মদ এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মিয়া।
এ ছাড়া গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করা, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।