মোঃ আব্দুল মালিক,জকিগঞ্জ: চুরি-ডাকাতি,মাদক,জুয়া,বাল্যবিবাহ ও ইভটিজিংসহ নানা অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক। অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়ে তিনি বলেছেন, অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ জরুরি।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলহাজ্ব নসিব আলী মাদ্রাসায় আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন,এলাকার কোথাও অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির চলাফেরা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে তা গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বিশেষ করে রাতে সন্দেহজনক চলাচল নজরে এলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা যেতে পারে।
তিনি আরও বলেন,মাদক,জুয়া, বাল্যবিবাহ,ইভটিজিংসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। অপরাধীদের বিষয়ে তথ্য দিতে কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন; অপরাধের তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করেন।
মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতার আশ্বাস
মাদকাসক্ত ব্যক্তিদের বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে ওসি বলেন, মাদকের কারণে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয়। এ সমস্যা থেকে উত্তরণে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো মাদকাসক্ত ব্যক্তি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহযোগিতা করা হবে। প্রথমে সামাজিকভাবে সংশোধনের চেষ্টা করতে হবে। তাতে কাজ না হলে পুলিশকে অবহিত করতে হবে।
তিনি বলেন,অপরাধ দমনে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। স্থানীয় মানুষের সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং সময়মতো সঠিক তথ্য পাওয়া গেলে অপরাধ প্রতিরোধ ও আইনগত ব্যবস্থা গ্রহণ আরও সহজ হবে। বিট পুলিশিং সভায় স্থানীয়দের অংশগ্রহণে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হালঘাট গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন।
সভায় বক্তব্য দেন জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার ও বিট কর্মকর্তা এসআই সেকান্দর আলী, এসআই মিজানুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য জাহানারা বেগম, সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নান,সালিশি ব্যক্তিত্ব আলহাজ্ব আছাব আলী, ইব্রাহিম আলী ও শিক্ষক তারেক আহমদ।
এ সময় মাজবন্দ গ্রামের আব্দুর রহমান,মজলী গ্রামের আবিদুর রহমান,এলংজুরী গ্রামের আখলিছুর রহমান,সকড়া গ্রামের বোরহান উদ্দিনসহ বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি,স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।