মোঃ আব্দুল মালিক: সিলেটের জকিগঞ্জে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি অপারেশনের জন্য রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় শিশু থেকে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে চশমা প্রদান করা হবে। পাশাপাশি ছানি ও লেন্স অপারেশনের প্রয়োজন রয়েছে—এমন রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
উপজেলার আটগ্রাম বাসস্টেশন এলাকার লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চিকিৎসাসেবা কার্যক্রম চলবে। বালাউট সাহেব বাড়ির ব্যবস্থাপনায় আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে এলাকার অসহায় ও দরিদ্র চক্ষুরোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে নিজস্ব পরিচয়পত্র (আইডি কার্ড) আনতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে আগ্রহীরা এ সেবা গ্রহণ করতে পারবেন। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর।
এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে চক্ষু চিকিৎসাসেবা সহজলভ্য করার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।