দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌরসভার মজলিসপুর-আরামবাগের উদ্যোগে আয়োজিত ৫-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে বাবলু এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফাইয়ান এফসি। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় দিরাই পৌরসভার মজলিসপুর বালুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় বাবলু এফসি ও ফাইয়ান এফসি। নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে বাবলু এফসিকে পরাজিত করে শিরোপা জিতে নেয় ফাইয়ান এফসি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী, এটিও মেরাজুল আশেকীন দিরাই পৌর বিএনপির সদস্য সেলিম চৌধুরী, করিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আউলা, দিরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কানু মিয়া চৌধুরী, সহসভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হরিপদ দেবনাথ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাকিব। খেলাটি পরিচালনা করেন রক হেলাল। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের আয়োজন এলাকার তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।