বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের উত্তর বাজারে বড়লেখা-চান্দ্রগ্রাম আঞ্চলিক সড়কের পাশে নির্মিত একটি অবৈধ স্থাপনা উচ্ছেদে হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। স্থাপনাটির সুনির্দিষ্ট মালিক পাওয়া না যাওয়ায় দুই দিনের সময় বেঁধে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। নির্ধারিত সময়ের মধ্যে মালিকের সন্ধান না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে স্থাপনাটি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন তিনি, মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা-চান্দ্রগ্রাম আঞ্চলিক সড়কের পাশে টিনের বেড়া দিয়ে তৈরি একটি কক্ষে ‘মৌলভীবাজার জেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-২৩৫৯-এর অন্তর্ভুক্ত), বড়লেখা উপজেলা শাখার প্রধান কার্যালয়’ লেখা একটি ব্যানার ঝুলানো রয়েছে। তবে স্থাপনাটি নির্মাণে প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি বলে জানা গেছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন, “এখানে কোনো মালিককে উপস্থিত পাওয়া যায়নি। এ কারণে কাউকে সরাসরি নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে দুই দিনের সময় দিয়ে গেলাম। এই সময়ের মধ্যে কেউ আমাদের সঙ্গে অথবা আপনাদের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো সুনির্দিষ্ট মালিক পাওয়া না গেলে বেওয়ারিশ হিসেবে অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক হাজী আব্দুল গনি, কোষাধ্যক্ষ শৈলেন্দ্র দেব নাথ, সদস্য রায়হান মোহাম্মদ মুজিব, আবুল হোসাইন, জুবের আহমদ, সাইম উদ্দিনসহ অনেকে।
উত্তর বাজার অটো টেম্পু সিএনজি স্ট্যান্ডের সভাপতি হোসেন আহমদ অভিযোগ করে বলেন, অটো টেম্পু সিএনজি স্ট্যান্ড থানা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে এই অবৈধ স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। এর ১০ থেকে ১৫ দিন আগে একই ধরনের আরও একটি স্থাপনা তৈরি করা হয়েছিল, যা সাধারণ শ্রমিকেরা ভেঙে ফেলেছেন বলে তিনি দাবি করেন।