মো: আজমুল হোসেন,আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে ভুক্তভোগী নারী আবেদনকারীদের গ্রাম আদালতে অভিযোগ দায়েরের ক্ষেত্রে সহযোগিতা প্রদান এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সম্পা রাণী দেব, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ। বৈঠকের আলোচ্য বিষয় গুলোর মধ্যে ছিল—ভুক্তভোগী নারী আবেদনকারীদের গ্রাম আদালতে অভিযোগ দায়েরের প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান, অভিযোগ দায়েরের ক্ষেত্রে তাঁদের উৎসাহিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা জোরদার করা।