উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের শিবেরচক গ্রামের রহিম আহমদ। মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বর্তমানে নিজ কক্ষে অবস্থান করলেও তাঁর আরও উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে ছেলের চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার ব্যয় বহন করতে পারছেন না তাঁর বাবা। এ অবস্থায় ছেলেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন অসহায় এই বাবা।পরিবার সূত্রে জানা যায়,প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান রহিম আহমদ। সেখানে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। গত ২৬ অক্টোবর ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে চিকিৎসা শেষে নিজ কক্ষে অবস্থান করছেন। তবে তাঁর আরও উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।এ বিষয়ে আহত রহিম আহমদের বাবা কবির আহমদের সঙ্গে কথা হলে তিনি জানান,তাঁর ছেলে মালয়েশিয়ায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। চিকিৎসা শেষে বর্তমানে নিজ কক্ষে থাকলেও পুরোপুরি সুস্থতার জন্য আরও চিকিৎসার প্রয়োজন। কিন্তু তিনি একজন অসচ্ছল মানুষ। ছেলের চিকিৎসা ও দেশে ফিরিয়ে আনার মতো আর্থিক সামর্থ্য তাঁর নেই। তাই সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে আকুল আবেদন,যেভাবেই হোক তাঁর ছেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হোক।
আহত রহিম আহমদের চিকিৎসা ও নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তাঁর পরিবারের সদস্যরা।পাশাপাশি সিলেটের জনপ্রতিনিধি,জকিগঞ্জ উপজেলা প্রশাসন,স্থানীয় বিত্তবান ব্যক্তি,প্রবাসী সংগঠন এবং দেশ-বিদেশে অবস্থানরত মানবিক মানুষের প্রতি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।প্রবাসে কর্মরত একজন মানুষের দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় উদ্বেগের মধ্যে দিন কাটছে তাঁর পরিবারের। একজন অসহায় বাবার প্রত্যাশা,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় দ্রুত উদ্যোগ নিয়ে তাঁর ছেলের দেশে ফেরার ব্যবস্থা এবং উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে।
মানবিক আবেদন: আসুন, বিপদে পড়া জকিগঞ্জের এই প্রবাসীর পাশে দাঁড়াই। একজন অসহায় বাবার আকুতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে সবার প্রতি সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।