মো: আজমুল হোসেন,আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
এ সময় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সচেতন মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তরুণদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একটি দক্ষ, কর্মক্ষম ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব। জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশ গঠন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।