নাবেল আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবির পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেছেন, শুধু পরীক্ষায় পাস করার উদ্দেশ্যে নয়, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের পড়াশোনা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে নানা ধরনের দাবি-দাওয়া উঠে আসে। তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পাঠদানের মানোন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চারখাই এলাকার উন্নয়ন পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সংসদ সদস্য জানান, চারখাইয়ে পুলিশের নতুন একটি তদন্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগ অনেক দূর এগিয়েছে। এ ছাড়া এলাকায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় তরুণরা দক্ষতা অর্জন করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং অধিক উপার্জনের পথ তৈরি হবে।
এ সময় বিদ্যালয়ের বর্তমান ভবনটি চারতলায় উন্নীত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস, মহানগর বিএনপির উপদেষ্টা আমিরুজ্জামান চৌধুরী দুলু, আল হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ওলিউর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, জেলা সড়ক পরিবহন নেতা আবেদুর রহমান চৌধুরী তারেক, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন রানু, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতিবিষয়ক সম্পাদক ওহিদ আহমদ তালুকদার এবং এ অ্যান্ড জেড চ্যারিটি গ্রুপের পরিচালক রাহেল চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষক বাবলুর রহমান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠান শেষে বাদ আসর প্রধান অতিথি চারখাই ইউনিয়নের গদার বাজার এলাকায় নদীভাঙন রোধে চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন।