সুনামগঞ্জ প্রতিনিধি:: জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র-৩৩-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বেহেলী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন, সাচনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আসআদ, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার মো. ছবির হোসেন, বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন পরিষদের সদস্য মো. জালাল উদ্দিন, আবুল কাসেম, সফর উদ্দিন, যীশু তালুকদার, মানিক লাল দাস, বেবী রানী তালুকদার, সবিতা রানী সরকার, গোপীনাথ চৌধুরী, মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন পরিষদের সচিব প্রদীপ কুমার রায়, ভূমিসেবা সহায়তা কেন্দ্রের ইনচার্জ মো. আফাই হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা জানান, এ সহায়তা কেন্দ্রের মূল লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভূমিসেবা সহজ, নিরাপদ ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দেওয়া। এ কেন্দ্র থেকে সরকার নির্ধারিত ফি দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ, পর্চা সংগ্রহ, দলিল যাচাই, জমির নকশা ও খতিয়ানসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি ভূমিসংক্রান্ত বিভিন্ন আবেদন অনলাইনে জমা দেওয়ার সুযোগ থাকায় সেবাগ্রহীতাদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।