মো: আজমুল হোসেন। আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌহিদুল ইসলাম সৌরভ, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ও নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। আলোচনা সভায় সঞ্চালনা করেন শাখায়ত হোসেন।
উপজেলায় বিভিন্ন শ্রেণির মোট ৬৩টি সমবায় সমিতি রয়েছে। এসব সমিতির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সঞ্চয়, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে কার্যক্রম পরিচালিত হচ্ছে।আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।