সিলেটের জকিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফখর উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাইজিংসান সমবায় সমিতির সাধারণ সম্পাদক খালেদ আহমদ। আলোচনা সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র,উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায়ী নেতা এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেন,সম্মিলিত উদ্যোগ,পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমবায় কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সমবায়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি,উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। তিনি জকিগঞ্জের সমবায়ীদের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে স্বচ্ছতা,জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।