নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পৃথক অভিযানে ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করেছে। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, আইভি ক্যানুলা, জিরা ও কম্বল।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সোনারখেওর বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আম বাগান নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।
এদিকে, ৮ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা এবং ৬৯০ কেজি জিরা জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।
বিজিবি জানায়, গত ৭ ও ৮ নভেম্বর পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং গোয়েন্দা তৎপরতা জোরদারের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।