সিলেট রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মামলার রহস্য উদঘাটন, বিভিন্ন ধরনের অবৈধ পণ্য উদ্ধার ও জব্দসহ পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছেন জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) উৎসব কর্মকার। সমগ্র সিলেট বিভাগের পুলিশ কর্মকর্তাদের মধ্যে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ২০ মিনিটে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আনোয়ারূল হক এবং অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নাছির উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ সিলেট রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, সিলেট বিভাগের আওতাধীন বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ, মামলার রহস্য উদঘাটন, অবৈধ মালামাল উদ্ধার ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে নিজ নিজ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ জৈন্তাপুর মডেল থানার এসআই উৎসব কর্মকার সংশ্লিষ্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হন।
এদিকে এসআই উৎসব কর্মকারের এ অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আল-আমীন মীরসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে উৎসব কর্মকারের এ অর্জন জৈন্তাপুর মডেল থানার জন্য গৌরবের। তার এ সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ বিভাগের সুনাম ও জনসেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমরা আশাবাদী। একই সঙ্গে তার উত্তরোত্তর সাফল্য কামনা