নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ন-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত সরকারের আলোচিত সভাটি হয়েছে সিলেটের একটি রিসোর্টে। রনজিতের ফেসবুক পেজের আপলোড করা ওই সভার ভিডিও দেখে তাহিরপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই সভার স্থান সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল বলে জানতে পারে পুলিশ।
এর আগে আওয়ামী লীগের তাহিরপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ সদর থানা পুলিশ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রনজিত সরকার ওই সভা করেছেন।
জানা যায়, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গত ৮ নভেম্বর রাতারগুল ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। ওখানে শিক্ষা সফরের ব্যানারও প্রথম লাগানো হয়। পরে হঠাৎ করে রনজিত সরকার উপস্থিত হন এবং ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
রিসোর্ট সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে রিসোর্টের অফিশিয়াল বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং কনফার্ম করা হয়। শিক্ষা সফরে আসা মোট ১৭৫ জনের এই দলের জন্য সর্বমোট ৫২ হাজার টাকা বিল নির্ধারণ করা হয়েছিল। সমস্ত অনুষ্ঠান শেষে রাত ৮টা, সাড়ে ৮টা বা ৯টার দিকে তারা আনন্দমুখর পরিবেশে রিসোর্ট থেকে বের হয়ে যান।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তারা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ওখানে গিয়ে জানা যায়, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গেল ৮ নভেম্বর রাতারগুল ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’ ভাড়া নেন। ওখানে শিক্ষা সফরের ব্যানারও প্রথম লাগানো হয়। পরে হঠাৎ করে রনজিত সরকার উপস্থিত হন এবং ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
এর আগে সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিও প্রকাশ করেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রণজিৎ সরকার। ভিডিওতে তাঁকে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় মঞ্চের আশপাশে দলীয় নেতা-কর্মীদের পাহারারত অবস্থায়ও দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সেখানে তারা মিয়ার উপস্থিতির বিষয়টি আলোচনায় আসে।
এদিকে, ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট নগরের গোপালটিলায় রণজিৎ সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটিকে ঘিরে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।