সিলেট নগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ‘প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী-২০২৬’ উপলক্ষে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রঙিন বেলুন উড়িয়ে এবং ফুটবলে কিক মেরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, "খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি মনকে প্রফুল্ল রাখে এবং মানুষের মধ্যকার পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই পুনর্মিলনী উৎসবকে কেন্দ্র করে যে সুন্দর ক্রীড়া আয়োজনের উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের আয়োজন পারস্পরিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে।"
প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান রাজার সভাপতিত্বে এবং সদস্য সচিব দেবজ্যোতি মজুমদার রতনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রদান শিক্ষক স্কুলের প্রধান শিক্ষক জনাব জামাল আহমদ, গভর্নিং বডির সভাপতি এ্যাড আব্দুল মুকিদ জাহাঙ্গীর, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান শফিক, যুগ্ম সচিব ফয়জুল হক, আফছর খান, আজিজ খান সজিব, মকবুল হেসেন, রিয়াজ মিয়া, জেলা পরিষদ প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদ ও খেলার ধারাভাষ্যকার বিষ্ণুপদ ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচের দুটি দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন। উদ্বোধনী খেলায় উৎসুক দর্শক ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।