স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পূর্ব তারুখাল গ্রামের মৃত নুরুল ইসলাম মুন্সির ছেলে ইয়াছিন মুন্সি (৩২), নন্দিরগাঁও ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মৃত সমছুল হক সিকদারের ছেলে মো: মদরিছ আলী সিকদার (৫৫), ১নং রুস্তমপুর ইউনিয়নের যতনাথা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মকলিছুর রহমান (৪৫) এবং পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি গ্রামের মো: আব্দুর রবের ছেলে মো: শাহীন মাহমুদ (৪১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুকের দিকনির্দেশনায় উপপরিদর্শক (নিরস্ত্র) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং-১১, তারিখ ১১ নভেম্বর ২০২৬-এর তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইয়াছিন মুন্সি ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য, মো: মদরিছ আলী সিকদার উপজেলা আওয়ামী লীগের সদস্য, মকলিছুর রহমান ১নং রুস্তমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং মো: শাহীন মাহমুদ পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।